|
 |
লক্ষ্মীপুরে শহরে ব্যবসায়ীদের ওপর জেলা সৈনিকলীগ সভাপতির নেতৃত্বে সন্ত্রাসী হামলা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বস্তরের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রেখে বণিক সমিতির কার্যালয়ের সম্মুখে সমাবেশ করেছে। লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি ও পেশাজীবি ঐক্য পরিষদের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পেশাজীবি ঐক্য পরিষদের সদস্য সচিব রুহুল আমিন মাষ্টার, বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহবায়ক নুরুজ্জামান, জেলা চেম্বার অব কমার্স সাধারণ সম্পাদক শংকর মজুমদার, বণিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা কমিউনিটি পুলিশিং আহবায়ক সৈয়দ জিয়াউল হুদা আপলু, বণিক সমিতির সহ সভাপতি সাহাব উদ্দিন বাবুল, যুগ্ম সম্পাদক মাওলানা গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ব্যবসায়ীদের মারধর করার ঘটনায় নেতৃত্বদানকারী জেলা সৈনিক লীগ সভাপতি আবদুর রহিম ও তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, রোববার লক্ষ্মীপুর শহরের চক বাজারের সেলিম এন্টার প্রাইজ ও শাড়ি মহল নামক দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে জেলা সৈনিকলীগ সভাপতি আবদুর রহিমের নেতৃত্বে তার সহযোগীরা হামলা ও ভাংচুর করে। এসময় ২ ব্যবসায়ীসহ ৫ জন আহত হয়েছে। এ ব্যাপারে সেলিম এন্টার প্রাইজের মালিক মুসলিম বাদি হয়ে অভিযুক্ত আবদুর রহিমসহ ৬ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মিজানুর রহমান মানিক/নোয়াখালী ওয়েব/২৯ জুলাই/আইএইচএম/১৬৪৫ঘ.
|
|