|
 |
চট্টগ্রাম নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন ও শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং সেবা খাতগুলোতে বিশেষ বরাদ্দ রেখে (২০১০-২০১১ অর্থ বছরের) জন্য ৭৪১ কোটি ৫১ লাখ ৫৩ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন মেয়র মনজুর আলম বৃহস্পতিবার দুপুরে করপোরেশনের ৭১তম এ বাজেট ঘোষণা করেন। মেয়র হিসেবে এটাই মনজুর আলমের প্রথম বাজেট। একই সাথে ২০০৯-১০ অর্থ বছরের ২৯৪ কোটি ২৮ লাখ ৮২ হাজার টাকার সংশোধিত বাজেটও পেশ করা হয়েছে। সাড়ে ৭শ কোটি টাকারও বেশি ঘোষিত বাজেটে সরকারি অনুদান চাওয়া হয়েছে ৩শ কোটি টাকা। বাকি সাড়ে ৪শ কোটি টাকা কর্পোরেশনের নিজস্ব উৎস (ট্যাক্স) থেকে প্রাপ্তি ধরা হয়েছে।
এবারের বাজেটে নতুন করে কোনো কর বাড়ানো হয়নি। তবে বাজেটের আকার একেবারে ছোট। আগেরবার ৩ হাজার ১২৭ কোটি ৫০ লাখ ৫৩ হাজার টাকার বাজেট ঘোষণা করেছিলেন তৎকালীন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। এবার ঘোষিত বাজেট গতবারের চেয়ে প্রায় ২ হাজার ৩শ ৫০ কোটি টাকা কম। গতবারের সে বিশাল বাজেটের মধ্যে বাস্তবায়িত হয়েছে ৩শ ৯০ কোটি টাকা।
বাজেটে মহানগরীর জলাবদ্ধতা নিরসনকে অগ্রাধিকার দেয়া হয়েছে। চলতি ২০১০-২০১১ অর্থ বছরের প্রস্তাবিত এ বাজেটে কোনো ট্যাক্স বাড়ানো হয়নি।
গত অর্থ বছরে (২০০৯-২০১০) চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ঘোষিত প্রকৃত বাজেট ছিল ৬২৭ কোটি ৫০ লাখ টাকা। পরবর্তীতে এ বাজেটের সাথে আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভার নির্মাণের একটি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়। এ বাজেট ঘোষণা করেছিলেন তৎকালীন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ।
এবারের প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, নগরীর সড়ক আলোকায়নসহ সেবা খাতগুলোতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এবারের বাজেটে বাস্তবায়নযোগ্য প্রকল্পই গ্রহণ করা হয়েছে। বাজেটে নগরবাসীর প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে অবকাঠামো উন্নয়ন, নালা-নর্দমাসহ নগরীর উপর দিয়ে প্রবাহিত খালসমূহ সংস্কারের বিশেষ প্রকল্প গ্রহণ ও বরাদ্দ রাখা হয়েছে। বাজেট ঘোষণার পর সিটি মেয়র কর্পোরেশনের আব্দুস সাত্তার মিলনায়তনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নতুন নির্বাচিত মেয়র পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করেন। গত ১৭ জুন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর আলম আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী মহিউদ্দিন চৌধুরীকে বিপুল ভোটে পরাজিত করেন। এর আগে ১৭ বছর মহিউদ্দিন চৌধুরী কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন। অপরদিকে মনজুর আলম গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ভারপ্রাপ্ত মেয়র থাকাকালে ১ বার বাজেট ঘোষণা করেছিলেন। তবে নির্বাচিত মেয়র হিসেবে এবারই তিনি প্রথম বাজেট ঘোষণা করেন।
চট্টগ্রাম/নোয়াখালী ওয়েব/২৯ জুলাই/আইএইচএম/১৬২০ঘ.
|
|